
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি কভার্ডভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং দুইটি ট্রেনের প্রায় ১৮ শত পর্যটক আটকে পড়েন।
রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজার থেকে দুপুর ১২টায় ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস (৩০০৭/৮১৩ নম্বর) ট্রেনটি ২৪টি কোচ ও এক হাজার যাত্রী নিয়ে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা রেল স্টেশন সংলগ্ন মল্লপাড়া রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় অসতর্কভাবে একটি কভার্ডভ্যান রেললাইনে উঠে পড়লে ইঞ্জিনের সাথে জোরালো ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে কভার্ডভ্যানটি প্রায় ৫০০ গজ দূরে আনসার ক্যাম্পের সামনে গিয়ে পড়ে। দুর্ঘটনায় কভার্ডভ্যানের চালক সামান্য আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে সংঘর্ষের প্রভাবে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং প্রায় ৪০ গজ রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি পটিয়া রেলস্টেশনে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও সেখানে প্রায় এক হাজার পর্যটক আটকে আছেন। অন্যদিকে, কক্সবাজার আইকনিক রেলস্টেশনে সাড়ে ৭ শত যাত্রী নিয়ে ‘পর্যটন এক্সপ্রেস’ রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও ট্রেন চলাচল বন্ধ থাকায় সেটিও আটকে পড়ে।
পটিয়া রেলস্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া জানান, কক্সবাজার এক্সপ্রেসের সাথে কভার্ডভ্যানের ধাক্কায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত না করা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয়। চট্টগ্রাম থেকে রিলিফ (উদ্ধারকারী) ট্রেন এসে লাইন মেরামত করার পর পিডব্লিউডি (PWD) লাইন ফিটনেস দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।