
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদে গরমিলের প্রমাণ পাওয়ায় ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সম্পদ বিবরণী তলব করে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের অনুসন্ধানে তার নামে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৫৯৭ টাকার আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।
নোটিশ সূত্রে জানা যায়, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় আদেশে তাদের নিজ, স্ত্রী/স্বামী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী জমা দিতে বলা হয়েছে। আদেশে নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশন বরাবর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বা ভুল বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।
গত ১ জানুয়ারি ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব ফ্রিজের আদেশ দেয় আদালত।
এর আগে ২০২৫ সালের ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার ও হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।