প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
বিএসটিআই’র অভিযানে কমান্ডার সোপ কে ৩ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
পণ্যের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় 'কমান্ডার সোপ কোম্পানী লিমিটেড' নামে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (০১ অক্টোবর, ২০২৬) ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্প এলাকা থানাধীন এলাকায় বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহায়তায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম অংশ নেন।
বিএসটিআই জানায়, অভিযানকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত 'কসকো' ব্র্যান্ডের গ্লিসারিন সোপ, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ ও ডিশ ওয়াশ পণ্যের মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়। যাচাই শেষে অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট