প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2026 ইং
সড়কের কাজ নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়কের কাজ নিয়ে সংবাদ সংগ্রহকালে ইসমাইল হোসেন নামে স্থানীয় এক সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে।
আহত ইসমাইল দৈনিক জনবানী পত্রিকার চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি ও স্থানীয় বসুদুহিতা গপ্রামের মো. আলমের ছেলে।
আহত ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, ‘সড়কের কাজ নিয়ে সংবাদ পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করছিলাম। এ সময় স্থানীয় ব্যবসায়ী এনামুল হক ফাহাদ, নুর হোসেন অনিক, মোরশেদ আলম, সাব্বির, সিরাত হোসেন ও আজিম হোসেন আমাকে বাধা দেন। একপর্যায়ে তারা আমাকে মারধর করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চার লেনের কাজ চলমান। এ কাজের কারণে সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। হামলাকারীরা তাদের মধ্যেই কয়েকজন। ঘটনার সময় ইসমাইল সড়কের কাজ নিয়ে সংবাদ পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় হামলাকারীরা তাকে বাধা দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চেষ্টা করেও অভিযুক্ত কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা বারবার ইসমাইলকে হুমকি দিচ্ছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগী সাংবাদিককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট