
নিউজ ডেস্ক:
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও যোগ্য কর্মকর্তাদের বাণিজ্যিক ব্যাংকের এমডি পদে নিয়োগ দেওয়া যাবে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত ‘মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত জুলাই মাসে জারি করা আগের নীতিমালাটি বাতিল করা হলো।
এমডি পদের প্রয়োজনীয় যোগ্যতা:
মোট অভিজ্ঞতা: প্রার্থীকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিশেষ শিথিলতা: প্রার্থী যদি বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামের অধিকারী হন, তবে ডিএমডি পদে ২ বছর কাজ করার বাধ্যবাধকতা শিথিল করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
অন্যান্য দক্ষতা: চাকরিজীবনে সততা ও সুনামের পাশাপাশি সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি ও মেয়াদ:
বাছাই কমিটির সুপারিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুমোদন এবং বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। নিয়োগের মেয়াদী হবে ৩ বছর, যা পরবর্তীতে পুনর্নিয়োগযোগ্য।
বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে শর্ত অপরিবর্তিত:
এই ছাড় কেবল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। বিশেষায়িত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডিএমডি পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতাসহ ২০ বছরের চাকরির আগের শর্তটিই বহাল থাকছে।
সম্প্রতি সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের শীর্ষ পদে চুক্তি বাতিলসহ একাধিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ নতুন নীতিমালা জারি করা হয়েছে।