
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে এস এ গ্রুপের প্রতিষ্ঠান 'মুসকান ড্রিংকিং ওয়াটার' কারখানার অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবাণীর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনকে পরিকল্পিতভাবে আটক ও মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগে চট্টগ্রামজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পুলিশ ও এক প্রভাবশালী শিল্প গ্রুপের এহেন যৌথ নিপীড়নের প্রতিবাদে ফুসে উঠেছেন পেশাদার সাংবাদিক সমাজ।
প্রভাবশালীদের অনিয়ম ঢাকার এই ন্যাক্কারজনক চক্রান্তের প্রতিবাদে আজ শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক সুবিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষুব্ধ সাংবাদিক বক্তারা জানান, সত্য সংবাদ প্রকাশ করার জের ধরে সাংবাদিক জয়নালকে ডেকে নিয়ে মুসকান কারখানার এক কর্মকর্তা প্রথমে আটকে রাখেন। পরবর্তীতে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেওয়া হলে কোনো লিখিত অভিযোগ ছাড়াই থানার এসআই নুর উল্লাহ জয়নালকে টানা ১৮ ঘণ্টা বেআইনিভাবে আটকে রাখেন। পরে তার বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।
সংবাদপত্রের স্বাধীনতায় সরাসরি আঘাত হানা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মোস্তফা এবং এসআই নুর উল্লাহর দ্রুত প্রত্যাহার দাবি করেন। একই সাথে সাংবাদিক জয়নাল আবেদীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তারা।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সহকর্মী জয়নাল আবেদীনকে মুক্তি না দেওয়া হলে সীতাকুণ্ড থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল বলেন, "অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য নিয়ে কারো দ্বিমত থাকলে তারা গণমাধ্যমের মাধ্যমেই তার প্রতিবাদ জানাতে পারতেন কিংবা আদালতের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে একজন পেশাদার সাংবাদিককে ১৮ থেকে ২০ ঘণ্টা থানায় বেআইনিভাবে আটকে রেখে মিথ্যা মামলা দেওয়া একটি ন্যাক্কারজনক ও কাণ্ডজ্ঞানহীন ঘটনা।"
চট্টগ্রাম রিপোর্ট এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরফিন তাঁর বক্তব্যে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে গণমাধ্যমের স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। এ যুগে এসে একজন স্বাধীন সাংবাদিকের ওপর এমন চক্রান্তমূলক মামলা ও গ্রেফতারের ঘটনা কল্পনাও করা যায় না। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—সীতাকুণ্ডের সাংবাদিক জয়নাল আবেদীনসহ অন্যায়ভাবে কারাবন্দী সকল সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।"
উক্ত প্রতিবাদী মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন স্তরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সংবাদকর্মীরা একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন।