প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির সহকারীর মৃত্যু

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে বসতঘরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাহাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনহর আলী চৌধুরী বাড়ির একটি বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত রাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের বাসিন্দা মো. জাকিরের একমাত্র ছেলে। তার বাবা পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। রাহাত বৈদ্যুতিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান ও মো. রাসেল জানান, বসতঘরের গলিতে বৈদ্যুতিক কাজ করার সময় সংযোগ চালু থাকা অবস্থায় তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন রাহাত। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইয়াকুব জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট ওই তরুণকে হাসপাতালে আনা হয়। মেডিকেল অফিসার ডা. অর্পিতা ভট্টাচার্যের উপস্থিতিতে তার তিনটি ইসিজি পরীক্ষা করা হয়। পরীক্ষার পর হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেন, পেটের দায়ে অল্প বয়সেই বৈদ্যুতিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন রাহাত। তার মৃত্যুতে পরিবারটি উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে। রাহাতের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তারা প্রাথমিকভাবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট