প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারিকরণে বাধা দিচ্ছে একটি মহল

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারিকরণের উদ্যোগ বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মিলনায়তনে ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যে আয়োজিত চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আওতায় উপজেলায় ৬ হাজার ৫০০টি চারা বিতরণ ও রোপণ করা হয়।
সরওয়ার জামাল নিজাম বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারিকরণ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছি।
তিনি আরও বলেন, পরিতাপের বিষয়, কিছু কুচক্রী মহল বিভিন্ন নামে-বেনামে আমার কাছে এবং সরকারের কাছে তদবির করছে, যাতে এই সরকারের আমলে কোনো ধরনের উন্নয়ন না হয়। আমি নেতৃবৃন্দকে বলতে চাই, বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা, উপজেলা প্রকৌশলী সাইদুল রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট