
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে আলোচনায় আসা ইমতিয়াজ সুলতান ইকরামের পেটে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ইকরামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) কাজী মো. বিধান আবিদ গণমাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক গুলি চালিয়ে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছি কারা ও কী কারণে এ ঘটনা ঘটিয়েছে।”
ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি জানান, দুপুরে বাসা থেকে নিচে নামার পরপরই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
এই হামলার জন্য সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ এবং তার অনুসারী রায়হান, সাবের ও ইসমাইলকে সরাসরি দায়ী করেছেন স্মৃতি। তিনি বলেন, “এর আগেও তারা বিভিন্ন সময় ইকরাম ও আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এসব ঘটনায় আমরা একাধিক মামলাও করেছি। ইতিপূর্বে তারা আমার স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তারও করিয়েছিল।”
পরিবারের দাবি, গত বছরের ১৪ নভেম্বর একটি বিদেশি নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ইকরামকে হুমকি দেওয়া হয়েছিল। সেই বার্তায় লেখা ছিল—‘খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।’ ওই সময় এই হুমকির জন্য সন্ত্রাসী রায়হানকে দায়ী করেছিলেন ইকরাম।
এছাড়া চলতি বছরের ২০ মার্চ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার জেরে নিরাপত্তার দাবি জানিয়ে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার স্ত্রী স্মৃতি।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিঙ্ক রোড থেকে ইকরাম ও তার এক সহযোগীকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব। সে সময় র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইকরামের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে ওই ঘটনার পর ইকরামের স্ত্রী দাবি করেছিলেন, তার স্বামীকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।