
নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রামের ৩৬ নেত্রী ডাক পেয়েছেন দলের মনোনয়ন বোর্ডে। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেবেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশী নেত্রীরা ‘দুঃসময়’–এ দলের পাশে থেকে ‘আন্দোলন–সংগ্রামে’ অংশ নিয়েছেন দাবি করে বলছেন, দল তাদের ত্যাগের মূল্যায়ন করবে। তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দলের জন্য অবদানের পাশাপাশি সংসদে কথা বলা ও আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান ও শিক্ষা থাকা দরকার তা বিবেচনা করেই প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০ আসনের মধ্যে বিএনপি জোটের জন্য বরাদ্দ আছে ৩৬ আসন। গত ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন ভবনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল বিকেল চারটা। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল আবেদনের সময় ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।
বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন বোর্ড যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তিনি বিনাভোটেই নির্বাচিত হবেন। কারণ দল ও জোটের বরাদ্দ পাওয়া আসনের সমান প্রার্থী হলে আর ভোটের প্রয়োজন হয় না। সারা দেশ থেকে এক হাজারের অধিক নারী নেত্রী বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে গতকাল শুক্রবার রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের চার শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। আজ শনিবার বেলা তিনটা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
মনোনয়ন প্রত্যাশী সাকিলা ফারজানা আজাদীকে বলেন, দলীয় সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক কাউন্সিলর জেসমিনা খানম আজাদীকে বলেন, দুঃসময়ে যারা দলের হাল ধরেছিল এবং দীর্ঘদিন রাজপথে ছিল, দলের জন্য ত্যাগ আছে তাদের মূল্যায়ন হওয়া উচিত। একইসঙ্গে যারা মার্জিত, শিক্ষিত ও কথা বলতে পারবে, যারা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবে ও জনকল্যাণে যে নারী ভূমিকা রাখতে পারবে তাদেরকেই দেয়া উচিত বলে মনে করছি। মনোনয়ন প্রত্যাশী নগর মহিলা দলের সহ–সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা) আজাদীকে বলেন, গত ১৭ বছর কষ্ট করেছি। আন্দোলন–সংগ্রাম করেছি। দলের ডাকে রাজপথে ছিলাম। আশা করছি দল তার মূল্যায়ন করবে। মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর মহিলা দলের দপ্তর সম্পাদক এডভোকেট আয়েশা আকতার সানজী আজাদীকে বলেন, একজন আইনজীবী এবং জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আদালত থেকে রাজপথে সবসময় সক্রিয় ছিলাম। দলের নির্দেশনা মেনে প্রতিটি আন্দোলন–সংগ্রাম ও মিছিল–মিটিংয়ে অংশ নিয়েছি। সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, তাই যোগ্যদের সংসদে যাওয়া উচিত। এক্ষেত্রে দলের জন্য ত্যাগের পাশাপাশি তার যোগ্যতাটাও দেখতে হবে। অর্থাৎ নবীন এবং প্রবীণের মধ্যে যারা দক্ষ এবং যোগ্য তাদের মধ্যে থেকেই প্রার্থী বাছাই করা হোক।
মনোনয়ন প্রত্যাশী নগর মহিলা দলের মনোয়ারা বেগম মনি আজাদীকে বলেন, আন্দোলন–সংগ্রাম করেছি এবং মামলা–হামলা নির্যাতনের শিকার হয়েছি, আশা করছি দল এসব ত্যাগের মূল্যায়ন করবে। একই কথা বলেন নগর মহিলার দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী। দক্ষিণ জেলা মহিলা দলের সহ–সভাপতি আফরোজা আজাদীকে বলেন, আমি ফ্যাসিস্টদের হাতে নির্যাতনের শিকার হয়েছি। ২০১৮ সালে নির্বাচনের পর আমাকে ৭২ ঘণ্টা নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে তারা। মইজ্জারটেকে আমার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আন্দোলন–সংগ্রামে ছিলাম। আশা করছি দল তার মূল্যায়ন করবে।
মনোনয়ন বোর্ডের ডাক পেয়েছেন যারা : আজ মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দেয়ার জন্য ডাক পাওয়াদের মধ্যে আছেন– জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, আফরোজা বেগম, মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী, এস এম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার, ফরিদা আকতার, ডা. কামরুন নাহার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, নাজমা আকতার, জিনাতুন নেছা জিনু, ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা, আয়শা আকতার সানজি, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নাজনীন মাহমুদ, জেলী চৌধুরী, গোলতাজ বেগম, এডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা, ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী আঁখি, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার, সুলতানা পারভীন, ডা. ফারহানা আফরোজ চৌধুরী ও জেসমিনা খানম।