প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে এই মিছিলের ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘মোহাম্মদ ইফতু’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক হাতে মশাল নিয়ে মিছিল করছেন এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”—এমন স্লোগান দিচ্ছেন। ওই পোস্টটিতে এটিকে গত ৫ আগস্টের পর বোয়ালখালী যুবলীগ ও ছাত্রলীগের প্রথম ‘অবরোধ ও মশাল মিছিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দিনভর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক টহল জোরদার করে। অন্যদিকে, অবরোধের নামে নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় ‘বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতিবাদী মোটরসাইকেল মিছিল বের করা হয়।
ঘটনার সত্যতা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তর দৃষ্টিগোচর হয়েছে । বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট