প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
চট্টগ্রামে অবস্থানরত ইছাখালীবাসীর মিলনমেলা ও মতবিনিময় সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের প্রত্যয়ে চট্টগ্রামে অবস্থানরত মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
‘ঐক্যের টানে, হৃদয়ের বন্ধনে’ স্লোগানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু।
সভায় উপস্থিত নেতাকর্মীরা ইছাখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ইছাখালীবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও নিজের আগ্রহের কথা তুলে ধরেন মঞ্জুরুল হক মঞ্জু। তিনি মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন।
সভায় চট্টগ্রামে বসবাসরত ইছাখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ইছাখালীবাসীর মধ্যে যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সম্মিলিত আলোচনা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট