প্রিন্ট এর তারিখঃ Nov 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
২০৩ ছাত্রী বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ দিলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে ২০৩ ছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে এসিআই লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’।
কর্মশালায় সেনাবাহিনীর দুই চিকিৎসক ও একজন বেসামরিক স্বাস্থ্যকর্মী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, হরমোনের প্রভাব, মাসিককালীন স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত ধারণা দেন।
এ সময় স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার ও পরিবর্তন, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণ এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সামাজিক সংকোচ কাটিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
আয়োজকেরা জানান, কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট