প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
কর্ণফুলীতে গ্রাম আদালত কার্যক্রমের মধ্যবর্তী মূল্যায়ন সম্পন্ন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রমের মধ্যবর্তী মূল্যায়ন সম্পন্ন হয়েছে। গত ১৯ এপ্রিল ২০২৬ এ উপলক্ষে আন্তর্জাতিক ও দেশীয় পরামর্শকদল দিনব্যাপী মতবিনিময় ও পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করেন।
স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় এ মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
মূল্যায়ন টিমে ছিলেন ব্রিটিশ পরামর্শক অ্যাডাম স্ট্যাপলেটন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। তারা জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, জেলা লিগ্যাল এইড অফিস এবং উপজেলা সমন্বয়কারি বাবুল আরফাত,
শিকলবাহা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য বিচারিক সেবা নিশ্চিত করছে এবং জেলা আদালতের মামলার চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখছে। তবে কার্যক্রমকে আরও কার্যকর করতে পর্যাপ্ত জনবল, নিয়মিত নির্বাচন, দক্ষতা উন্নয়ন এবং কার্যকর মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গ্রাম আদালতের সেবাগ্রহীতাদের সন্তুষ্টি যাচাই, নথিপত্র পর্যালোচনা এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট