প্রিন্ট এর তারিখঃ Nov 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
বিয়ের দাওয়াত খেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কিশোর, দ্রুতগতির মাইক্রোর ধাক্কায় নিহত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবেশীর বিয়ের দাওয়াত খেতে এসে মাইক্রো বাসের ধাক্কায় আবির (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া জনতা কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির মির্জাপুর ইউনিয়নের চারিয়া পশ্চিম কুলাল পাড়া এলাকার বাপ্পি রহমানের ছেলে।
নিহতের এক আত্মীয় জানান, প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল আবির। বিয়ের খাওয়া-দাওয়া শেষে রাস্তা পারাপারের সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দ্রুতগতির নাজিরহাটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়।
এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (১৪ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে আবিরের লাশ হস্তান্তর করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট