
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করতে জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। একই সঙ্গে বিশ্বপরিসরে নিজেদের কণ্ঠস্বর জোরালো করা, সক্রিয় অংশগ্রহণ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি।
সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এম এম আলী ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘পরিবর্তনশীল বিশ্ব : ক্ষমতা, মানুষ ও আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। চীনের উত্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং অর্থনৈতিক বৈষম্য বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলোর নিজেদের স্বার্থ ও অবস্থান জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তা ছিলেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব। আলোচনা সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মানবিক বিভাগের অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফেলো ড. থমাস জেমস নিউবোল্ড।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বিভিন্ন দেশকে আরও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তাই দেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস বলেন, বিশ্ব বর্তমানে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীনের উত্থানের ফলে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশের অর্থনীতিতে দেখা যাচ্ছে। জার্মানির শিল্প খাতও বর্তমানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। মুনাফা কমে যাওয়ার প্রভাব পড়ছে মজুরি ও সরকারি রাজস্বের ওপর।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে ধনীদের কাছ থেকে কর আদায় ক্রমেই কঠিন হয়ে উঠছে। অন্যদিকে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতির পুনর্গঠন প্রয়োজন। তবে কীভাবে সেই পুনর্গঠন সম্ভব, সেটিই বড় প্রশ্ন।
বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস বলেন, বিশ্বে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতাধর দেশগুলোর মূল্যবোধেও পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং অবিচার প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রই মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে বাংলাদেশের মতো দেশগুলোকে উন্নয়নের জন্য প্রতিনিয়ত সমঝোতার ওপর নির্ভর করতে হয়।
তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য অর্জন এবং বিশ্বে শক্তিশালী অবস্থান তৈরি করতে নিজেদের কণ্ঠস্বর জোরালো করতে হবে। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব বলেন, বিশ্বব্যবস্থা কখনোই স্থির থাকে না। রাজনৈতিক সমঝোতা ও আলোচনার মধ্য দিয়েই বিশ্বব্যবস্থা গড়ে ওঠে। তাই বর্তমান অস্থিরতা ও সংকটের মধ্যেও কীভাবে এগিয়ে যেতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ব্যক্তি কিংবা রাষ্ট্র—উভয় পর্যায় থেকেই নতুন নিয়ম ও নীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব। নিজেদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সে বিষয়ে ঐকমত্য তৈরি না হলে সেগুলো টেকসই হবে না। সমস্যা থাকলেও সেগুলোর সমাধান নিজেদের হাতেই রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. সঙ্গীতা রায়ামাঝি বলেন, বিশ্ব বর্তমানে পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এসব পরিবর্তন মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, সার্বিয়া ও কেনিয়ায় জেন-জি আন্দোলনগুলো সমাজ ও বিশ্ব পরিবর্তনে তরুণদের শক্তিশালী ভূমিকার প্রমাণ দিয়েছে।
তিনি বলেন, বর্তমানে মানবনিরাপত্তা ও শান্তি নানা চ্যালেঞ্জের মুখে। এ সময়ে তরুণদের কণ্ঠস্বর শোনা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তরুণ নারীদের নিজেদের গণ্ডির বাইরে গিয়ে বিশ্বকে নতুনভাবে দেখতে হবে এবং পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, শান্তি, গণতন্ত্র, নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন শিক্ষাগত ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা তরুণীরা বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরেন।