প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
চিরকুটে রহস্য রেখে মিমোর আত্মহত্যা, কারাগারে শিক্ষক

নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস আসামির জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। এর আগে ৩ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।
ঘটনার শুরু গত ২৬ এপ্রিল। রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয় মেধাবী শিক্ষার্থী মিমোর ঝুলন্ত মরদেহ। তবে মৃত্যুর আগে মিমো রেখে যান এক রহস্যময় চিরকুট। যেখানে লেখা ছিল— ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেয়া...।’
এই চিরকুটের সূত্র ধরেই মিমোর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। ওইদিন বিকেলেই সুদীপ চক্রবর্তীকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালত তাকে জামিন না দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।
শিক্ষার্থী মিমোর অকাল মৃত্যু আর এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগে উত্তাল ক্যাম্পাস। তদন্তে কী বেরিয়ে আসে এবং মিমোর পরিবার শেষ পর্যন্ত ন্যায়বিচার পায় কি না, তা-ই এখন দেখার বিষয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট