প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
হালদা রক্ষায় অবদানে মৎস্য ও নৌ-পুলিশ কর্মকর্তাকে চবির সম্মাননা

মো: একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
দেশের একমাত্র প্রাকৃতিক মিঠাপানির মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদীর ব্রুড মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন রাউজানের প্রাক্তন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং হাটহাজারীর হালদা অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ি।
গত ৩০ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘বিশেষ সম্মাননা (২০২৪–২০২৫)’ ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয় এই দুই পক্ষকে।
রাউজানের প্রাক্তন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন। আর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাটে অবস্থিত হালদা অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির পক্ষে ক্রেস্ট ও স্মারক গ্রহণ করেন ফাঁড়ির ইনচার্জ এএসআই (নিরস্ত্র) মো. রমজান আলী, যিনি প্রায় দেড় বছর ধরে সহকর্মীদের নিয়ে হালদা নদী ও এর জীববৈচিত্র্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, রিভার ক্লাব ও হালদা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।
ল্যাবরেটরির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিএফের প্রধান নির্বাহী জহিরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, প্রফেসর শহিদুল আমিন চৌধুরী, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক আরিফ আনোয়ার খান, চবির প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শামছিল আরেফিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিমসংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম এবং সাবেক কমিশনার রোকন উদ্দিন।
অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ হালদা নদী রক্ষায় যুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট