প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
বান্দরবানে বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৫০ দোকান-বসতঘর

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৭ মে) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে দমকল বাহিনী, স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা চেষ্টা করে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের সব দোকান পুড়ে গেছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন- আজ ভোরে বাজারের পশ্চিম পাশের একটি বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বসতবাড়ি ও দোকানে সিলিন্ডার গ্যাস থাকায় আগুন পুরো এলাকায় দ্রুত ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে বাজারের দোকান, বসতঘর ও একটি মসজিদসহ ৫০ টিরও বেশি স্থাপনা পুড়ে গেছে।
জামছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাই প্রু মারমা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নির্ধারণ করা যায় নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে।
এদিকে, সবকিছু হারিয়ে এখন ব্যবসায়ীরা চরম কষ্টের মধ্যে পড়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট