প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে চন্দনাইশে ‘সেবা’র মানববন্ধন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে শিশু রামিসাসহ সারাদেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা সামাজিক সংগঠন’। সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মসুলেহ উদ্দীন মুন্না। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শওকত উদ্দীন ও উপদেষ্টা আমিন উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার তরুণ ও সমাজকর্মী ইমন, সাকিব, জুবায়ের, এসপি সাকিব, রিপন, জয়নাল, ইমরান, ইহসান, বেলাল ও ইয়াছিনসহ স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন "শিশু ধর্ষণ ও হত্যার মতো ন্যাক্কারজনক ও জঘন্য ঘটনা আমাদের সমাজকে দিন দিন কলঙ্কিত করছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" একই সাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট