প্রিন্ট এর তারিখঃ May 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক সেই ছাত্রদল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাকিফকে ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাকিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে শনিবার (২৩ মে) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা এলাকায় নিজ ভাড়া বাসায় এক তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন সাকিফ। এসময় তাকে মারধরের অভিযোগও ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট