প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2026 ইং
চেকপোস্ট কার্যক্রমে সতর্কতার নির্দেশ সিএমপি কমিশনারের

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বায়েজিদ বোস্তামী এলাকার আরেফিন নগর লিংকরোডের একটি চেকপোস্ট পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সততা, পেশাদারত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
মঙ্গলবার (২৬ মে) বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংকরোডের ছিন্নমূল ১ নম্বর গেট চেকপোস্ট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বরত সদস্যদের কার্যক্রম এবং আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। একইসঙ্গে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখা এবং সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
সিএমপি কমিশনার বলেন, নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্টগুলোতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল হক চৌধুরী এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট