প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 5, 2026 ইং
ওজনযন্ত্রে অনিয়ম ও সনদ না থাকায় বিএসটিআই’র অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চালের বস্তার ওজন নির্ধারিত টলারেন্সের মধ্যে কম পাওয়া গেছে। একইসঙ্গে ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এবং উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান, ডিএমআই, বিএসটিআই ঢাকা মো. মোন্নাফ হোসেনের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মিরপুরের কাজীপাড়া বেগম রোকেয়া স্মরণীতে অবস্থিত এস. এস কর্পোরেশনের ওজনযন্ত্র ও ভেরিফিকেশন সনদ যাচাই করা হয়। যাচাইকালে প্রতিষ্ঠানটির ওজনযন্ত্র এবং ভেরিফিকেশন সনদ সঠিক পাওয়া গেলে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। একই এলাকায় অবস্থিত শফিক ট্রেডার্সের ওজনযন্ত্র সঠিক পাওয়া গেলেও প্রতিষ্ঠানটি বৈধ ভেরিফিকেশন সনদ প্রদর্শন করতে ব্যর্থ হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরে পল্লবীর ৬ নম্বর মসজিদ বাজারে অবস্থিত সবুজ ট্রেডার্স ও আমেনা রাইস এজেন্সিতে চালের বস্তার ওজন এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ পরীক্ষা করা হয়। এ সময় চালের বস্তার ওজন নির্ধারিত টলারেন্সের মধ্যে কিছুটা কম পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠান দুটির ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
একই দিনে পল্লবীর মসজিদ কমপ্লেক্স মার্কেটে অবস্থিত তাকওয়া জুয়েলার্সে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করছে। এছাড়া স্বীকৃত মেট্রিক পদ্ধতির পরিবর্তে নন-মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানের শেষ পর্যায়ে মোহাম্মদপুরের আদাবর এলাকার ১৬/সি, রিং রোডে অবস্থিত মদিনা স্টিল কর্পোরেশনের ওজনযন্ত্র, ভেরিফিকেশন সনদ এবং শাহ, স্ক্যান, আনোয়ার ও প্রিমিয়ার ব্র্যান্ডের সিমেন্টের বস্তার ওজন যাচাই করা হয়। যাচাইকালে সবগুলো সিমেন্টের বস্তার ওজন নির্ধারিত মান অনুযায়ী সঠিক পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ওজনযন্ত্র ও ভেরিফিকেশন সনদও বৈধ থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
বিএসটিআই জানিয়েছে, বাজারে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. মুকুল মৃধা ও আহমেদ হোসেন উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান, মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট