ঢাকা | বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা ছবির ক্যাপশন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত তিন দিনের জন্য ঝরনাগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে বৈরি আবহাওয়া ও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনায় প্রবেশ করতে দেওয়া হবে না।

বন বিভাগ জানিয়েছে, অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের নির্দেশনায় জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, 'গত ৭ জুলাই তিন দিনের জন্য ঝরনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ঝরনা পর্যটকদের জন্য বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদারদেরও লিখিতভাবে জানানো হয়েছে।'

প্রসঙ্গত: প্রতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঝরনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি