নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত আলমগীর উপজেলার উত্তর আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা। তিনি হাসপাতালের সামনে একটি হোটেল পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল নোমান জানান, আলমগীরের স্ত্রী নতুন সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে যাওয়ার সময় তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা আরেক মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নতুন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
নতুন সাউন্ড হেলথ হাসপাতালের চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী বলেন, আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়।
নিহতের ভাগ্নে মোহাম্মদ রিদুয়ান জানান, চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আহত ব্যক্তি চমেক হাসপাতালে মারা গেছেন। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট