আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে ট্রান্সফরমারের ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক ইলেকট্রিশিয়ান। পরে সহকর্মীদের দ্রুত তৎপরতায় তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চাতরী চৌমুহনী বাজারের পিপাসা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিপাসা হোটেলের সামনে বিদ্যুৎ খুঁটিতে পাশের একটি ভবন থেকে সংযোগ দেওয়ার কাজ করছিলেন ওই ইলেকট্রিশিয়ান। একপর্যায়ে ট্রান্সফরমারে সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রান্সফরমারের ওপর পড়ে যান। এ সময় বিকট শব্দে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। পরে দড়ির সহায়তায় তিনজন মিলে তাকে ট্রান্সফরমারের ওপর থেকে জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ চলছিল। ওই কাজে নিয়োজিত ঠিকাদারের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীদের তাৎক্ষণিক সহযোগিতায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আহত কর্মচারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আনোয়ারা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম বলেন, চাতরী চৌমুহনী বাজারে রোড অ্যান্ড হাইওয়ের কাজ করতে গিয়ে ঠিকাদারের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট