ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, সড়কে মিছিল-অবরোধের চেষ্টা : গ্রেপ্তার ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, সড়কে মিছিল-অবরোধের চেষ্টা : গ্রেপ্তার ৭ ছবির ক্যাপশন: আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, সড়কে মিছিল-অবরোধের চেষ্টা : গ্রেপ্তার ৭
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় ঝটিকা মিছিল, সড়কে আগুন ও অবরোধের চেষ্টা এবং ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার নাম রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে আনোয়ারা থানার এসআই মো. ফারুক হোসেনকে। 

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ারা সদরের শাখাওয়াত হোসেন ওরফে হামিম (২২), মো. তারেক (১৯) ও ফারহান মাহমুদ (১৯), বাঁশখালীর সাধনপুরের আবদুল মাহিদ (১৯), কর্ণফুলীর চরপাথরঘাটার সাইদুল ইসলাম ওরফে সাইমন (২০), আনোয়ারার চাতরীর মো. আবু তৈয়ব (৪৪) এবং হাইলধরের মো. হাবিবুর রহমান (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটের দিকে চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাতরী বাজারসংলগ্ন এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কের পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একদল লোক সরকারবিরোধী স্লোগান দিয়ে নাশকতা ও ভাঙচুরের চেষ্টা করছেন। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ট্রাফিক বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেন। তাদের হাতে লাঠিসোঁটা, ইটপাটকেল, রড, দা ও কিরিচ ছিল। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যান। আগুনে বক্সের ভেতরে থাকা একটি চেয়ার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় কাচ ও আসবাবপত্র।

এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কে ঝটিকা মিছিল করেন ২০ থেকে ৩০ জন। হেলমেট ও মুখোশ পরা মিছিলকারীদের কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। তারা সরকারবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে সকাল ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে সাতজনকে আটক করে পুলিশ। পরে তাদের ফেলে যাওয়া ১৫টি বাঁশের লাঠি, ৩০টি ইটের টুকরা ও একটি দেশীয় তৈরি লোহার দা জব্দ করা হয়।

মামলার এজাহারে নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব শাহ্, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাজান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আসিফুল ইসলাম বাপ্পি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য শাহাজাদা শাহ্ ও রবিউল হায়দার, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান এবং বারখাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাফেজ আহাম্মদ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, পলাতক এবং দেশে-বিদেশে অবস্থানরত অভিযুক্তদের মদদ ও অর্থায়নে তারা জড়ো হয়েছিলেন। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার চেষ্টার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি