আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের সেন্টার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে ‘ফুলকলি’ ও ‘শরীফ স্টোর’ নামের দুটি দোকানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় উভয় দোকানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান- ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি দোকানে ৪০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আনোয়ারায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট