নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ফারুককে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।
সোমবার (১ জুন) ভোরে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে ভুক্তভোগী শিক্ষার্থী খালার বাসা থেকে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত আবু তাহেরের দোকানে যায়। মামলায় অভিযোগ করা হয়েছে, পরে আবু তাহের, রবিউল হোসেন ও আনোয়ার হোসেন শিশুটিকে একটি বিলের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পর ২ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর মামলার অন্যতম আসামি মোহাম্মদ ফারুককে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট