ঢাকা | বঙ্গাব্দ

ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম ছবির ক্যাপশন: ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



প্লাস্টিক দূষণ কমাতে সচেতনতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক উদ্যোগ নিয়েছে ইউএনডিপি বাংলাদেশ। এর অংশ হিসেবে চট্টগ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্থানীয় রিসাইক্লিং উদ্যোক্তার সঙ্গে যুক্ত করে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের কার্যক্রম শুরু করা হয়েছে।

৭ সেপ্টেম্বর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং ৮ সেপ্টেম্বর সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের পৃথক সেশন অনুষ্ঠিত হয়। এতে দুই প্রতিষ্ঠানের ২৯৫ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, উৎসে বর্জ্য পৃথকীকরণ এবং রিসাইক্লিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সমবেত শপথ নেন।

কর্মসূচির আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে ১২০ লিটার ধারণক্ষমতার পৃথক বিন সরবরাহ করা হয়েছে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহের জন্য বাংলা লেবেলযুক্ত এসব বিন নির্দিষ্ট স্থানে স্থাপন করা হবে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে একজন স্থানীয় রিসাইক্লিং উদ্যোক্তার সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ওই উদ্যোক্তা পৃথক করা প্লাস্টিক সংগ্রহ করে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য নিয়ে যাবেন।

আয়োজকদের মতে, প্রচলিত সচেতনতামূলক কর্মসূচির চেয়ে এ উদ্যোগের মূল পার্থক্য হলো শিক্ষার্থীদের শুধু প্লাস্টিক আলাদা করার পরামর্শ দেওয়া হয়নি, বরং আলাদা করা বর্জ্য কোথায় যাবে, কে সংগ্রহ করবে এবং কীভাবে তা রিসাইক্লিং ব্যবস্থায় যুক্ত হবে, সেই ব্যবস্থাটিও তৈরি করে দেওয়া হয়েছে। ফলে প্লাস্টিক বর্জ্য নর্দমা, খাল কিংবা খোলা জায়গায় জমে পরিবেশদূষণ ও জলাবদ্ধতা তৈরির পরিবর্তে পুনঃপ্রক্রিয়াজাতকরণের সুযোগ পাবে।

সেশনে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার চারটি ধাপ Reduce, Reuse, Recover ও Recycle (4R) নিয়ে আলোচনা করা হয়। ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা, ‘র‍্যাপিড ফায়ার’ কুইজ এবং গাছের চারা উপহার দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কার্যক্রমে সম্পৃক্ত করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান দুটিকে প্রতিটি শ্রেণিকক্ষ ও গুরুত্বপূর্ণ স্থানে পৃথক বিন স্থাপন, প্লাস্টিক বর্জ্য মিশ্র অবস্থায় না দিয়ে পৃথকভাবে সংগ্রহকারীদের কাছে হস্তান্তর এবং সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করানো হয়।

কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক বলেন, প্লাস্টিক দূষণ এখন বড় উদ্বেগের কারণ। শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার জায়গা নয়; পরিবেশ ও সামাজিক দায়িত্ববোধ তৈরির ক্ষেত্রও।

সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম (মাহি) শিক্ষার্থীদের নিয়মিত ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

ইউএনডিপি বাংলাদেশের বাস্তবায়নাধীন প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্টের আওতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএনডিপি বাংলাদেশ। স্থানীয় উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।

টাঙ্গাইলে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর কর্মসূচির সূচনা হয়। পর্যায়ক্রমে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিন বিতরণ, স্থানীয় রিসাইক্লিং উদ্যোক্তার সঙ্গে সংযোগ এবং সংগৃহীত প্লাস্টিকের পরিমাণ নিয়মিত নথিভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর কক্সবাজার কমার্স কলেজে কর্মসূচির শেষ ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক