ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে জলাবদ্ধতা উপেক্ষা করে স্বাস্থ্যসেবায় হেলথ অ্যাসিস্ট্যান্ট পুষ্পা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
কর্ণফুলীতে জলাবদ্ধতা উপেক্ষা করে স্বাস্থ্যসেবায় হেলথ অ্যাসিস্ট্যান্ট পুষ্পা ছবির ক্যাপশন: কর্ণফুলীতে জলাবদ্ধতা উপেক্ষা করে স্বাস্থ্যসেবায় হেলথ অ্যাসিস্ট্যান্ট পুষ্পা
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

টানা বৃষ্টি। চারদিকে জলাবদ্ধতা, কাদামাটির সরু পথ। কোথাও হাঁটুপানি, কোথাও পিচ্ছিল কাদামাটি। এমন প্রতিকূল পরিস্থিতিতেও এক হাতে ছাতা, অন্য হাতে স্বাস্থ্যসামগ্রীর বাক্স নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ অ্যাসিস্ট্যান্ট আরাফাত জাহান পুষ্পা।

সম্প্রতি উপজেলার বড়উঠান ইউনিয়নের দেয়াং পাহাড়সংলগ্ন এলাকায় স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সময় তাঁকে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে দেখা যায়। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় যখন স্বাভাবিক চলাচলই কঠিন, তখনও দায়িত্ব থেকে পিছপা হননি তিনি। কাদামাটির সরু পথ পেরিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। দিচ্ছেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, ডেঙ্গু প্রতিরোধের পরামর্শ এবং সচেতনতামূলক বার্তা।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠপর্যায়ে পুষ্পার এমন কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

আরাফাত জাহান পুষ্পা বলেন, ‘জলাবদ্ধতা কিংবা টানা বৃষ্টি আমার দায়িত্বের চেয়ে বড় নয়। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে দুর্যোগের সময় মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব। সামনে যতই পানি, কাদামাটি কিংবা ঝুঁকিপূর্ণ পথ থাকুক, মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ দুর্যোগের সময়ই মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন সবচেয়ে বেশি। বৃষ্টি ও জলাবদ্ধতা আমাকে থামাতে পারবে না। মানুষের সেবা করাই আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব।’

তিনি বলেন, কর্ণফুলীতে ডেঙ্গুর প্রবণতা বেড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছার নির্দেশনায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা বলেন, ‘সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ আবার বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সচেতন নাগরিক ও সংবাদকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে তিন ধরনের সচেতনতামূলক লিফলেট ছাপানো হয়েছে। এসব লিফলেট বিতরণের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধের উপায়, সতর্কতা ও চিকিৎসাসেবা সম্পর্কে সচেতন করছেন।

জলাবদ্ধতা ও টানা বৃষ্টিতে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, তখনও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে থাকা পুষ্পার এই উদ্যোগ দায়িত্ববোধেরই উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল