ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে ভাইদের নির্যাতনের শিকার বোনের সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
কর্ণফুলীতে ভাইদের নির্যাতনের শিকার বোনের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা 
 

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের আপন ভাইদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নাছিমা আক্তার নামে এক গৃহবধূ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার জানান, প্রায় ২০ বছর আগে তার বাবা সোনা মিয়া মারা যাওয়ার পর থেকেই তিনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আসছেন। তার অভিযোগ, বড় ভাই মো. রফিক, মেজো ভাই মো. শফিক এবং ছোট ভাই মো. মানিক পরিকল্পিতভাবে তাকে সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করছেন।

তিনি বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ চাইতে গেলে আমার ভাইরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। এমনকি বাবার বাড়িতে গিয়ে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা করার কথা বলায় আমার ভাইয়েরা তাদের শশুর বাড়ির লোকজন নিয়ে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে।

তিনি অভিযোগ করেন, শুধু তাকে নয়, তার স্বামী ও সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়ারহাট এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে। বর্তমানে তিনি স্বামী মো. শহীদুল্লাহ ও সন্তানদের নিয়ে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নাছিমা আক্তারের স্বামী মো. শহীদুল্লাহ বলেন, “আমার স্ত্রী তার বাবার সম্পত্তির ন্যায্য অধিকার চাইছে। কিন্তু তার ভাইরা বিষয়টি মেনে না নিয়ে উল্টো আমাদের ওপর নির্যাতন ও হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তবে বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তারা মনে করেন।

সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে চাই এবং আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা