ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
কর্ণফুলীতে শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন: কর্ণফুলীতে শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স আদায়কে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ আদায়, মূল রসিদ ও কার্বন কপিতে টাকার অঙ্কের গরমিল এবং স্বাক্ষরবিহীন রসিদে টাকা আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গণমাধ্যমের অনুসন্ধানে একটি রসিদেই ৩ হাজার ৭৯২ টাকার গরমিল পাওয়া গেছে। মূল রসিদে ৫ হাজার ৬৮৮ টাকা উল্লেখ থাকলেও কার্বন কপিতে লেখা রয়েছে ১ হাজার ৮৯৬ টাকা।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের সঙ্গে আনোয়ারার নাঈম উদ্দীন নামের এক ব্যক্তির হোল্ডিং ট্যাক্স আদায়ের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, তিনি ও তাঁর অধীনে কর্মরত ব্যক্তিরা মাঠপর্যায়ে ট্যাক্স আদায় করছেন। বিনিময়ে আদায়কৃত অর্থের ২০ শতাংশ তাঁদের দেওয়ার কথা রয়েছে।

সরকারি রাজস্ব আদায়ের দায়িত্ব বেসরকারি ব্যক্তিদের হাতে তুলে দেওয়া এবং আদায়কৃত অর্থের ২০ শতাংশ কমিশন দেওয়ার চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, এ ধরনের চুক্তির ক্ষেত্রে সরকারি অনুমোদন রয়েছে কি না, ইউনিয়ন পরিষদের সভায় কোনো রেজুলেশন হয়েছে কি না এবং কমিশনের অর্থ কোন খাত থেকে পরিশোধ করা হচ্ছে।

অনুসন্ধানে শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিনের হোল্ডিং ট্যাক্স আদায়ের একটি রসিদে বড় ধরনের আর্থিক অসংগতি পাওয়া গেছে। মূল রসিদে আদায়ের পরিমাণ ৫ হাজার ৬৮৮ টাকা উল্লেখ থাকলেও সংরক্ষিত কার্বন কপিতে লেখা রয়েছে ১ হাজার ৮৯৬ টাকা। অর্থাৎ একই রসিদের দুই কপিতে টাকার অঙ্কের পার্থক্য ৩ হাজার ৭৯২ টাকা।

এ ছাড়া বিভিন্ন রসিদে তথ্যের ভিন্নতা, স্বাক্ষর ছাড়া টাকা আদায় এবং নির্ধারিত অর্থের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে প্রকৃত আদায়ের পরিমাণ ও সরকারি কোষাগারে অর্থ জমার হিসাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমন ঘটনা আরও আছে কি না, তা জানতে পুরো ইউনিয়নের রসিদ বই ও আদায়ের হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ের দায়িত্বে থাকা সুপারভাইজার নাঈম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি রসিদে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর দাবি, মাঠপর্যায়ে তাঁর অধীনে কর্মরত ব্যক্তিরাই এসব অনিয়ম করেছেন। তাঁদের কারসাজির কারণেই রসিদে টাকার অঙ্কের গরমিল হয়েছে।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিবও রসিদে গরমিলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, সংশ্লিষ্টদের জামানত রয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি নাঈম উদ্দীনের সঙ্গে হোল্ডিং ট্যাক্স আদায়ের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে মাঠপর্যায়ের কর্মীদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তাঁদের কর্মকাণ্ডের কারণে হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে ভুক্তভোগীদের ইউনিয়ন পরিষদে এসে যোগাযোগ করার আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে তা ফেরত দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালা

‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালা