ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নবজাতকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নবজাতকের মৃত্যু ছবির ক্যাপশন: কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নবজাতকের মৃত্যু
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অবস্থিত সাউথ চট্টগ্রাম হাসপাতালে এক কন্যা নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের ১ লাখ টাকায় রফাদফা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নবজাতকটির মৃত্যু হয়। নবজাতকের বাবা মো. নাঈম ও মা নিফা আক্তার। তাদের বাড়ি আনোয়ারা উপজেলায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নিফা আক্তারকে সাউথ চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত আনুমানিক দেড়টার দিকে তার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর মা সুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে বৃহস্পতিবার ভোরে নবজাতকটির মৃত্যু হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় বিষয়টি মীমাংসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নবজাতকের পরিবারের ১ লাখ টাকায় রফাদফা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নবজাতকের পিতা মো. নাঈমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা রোগী নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার ঠিকমতো সাড়া দেননি। রাতে এবং সকালে ডাকলেও ডাক্তার আসেননি। তাদের অবহেলার কারণেই আমার সন্তান মারা গেছে। আমার স্ত্রী এখনো সাউথ চট্টগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন।

১ লাখ টাকা লেনদেন হয়েছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রায় ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে। চিকিৎসা ও হাসপাতালের বিল বাবদ টাকা কেটে রেখে আমার বড় ভাই ইদ্রিসকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমি এখনো ভয় পাচ্ছি। আমার স্ত্রী যেহেতু ওই হাসপাতালে চিকিৎসাধীন, তাই তার সঙ্গে আবার কোনো ধরনের সমস্যা হয় কি না, সে আশঙ্কায় আছি। 
 
সাউথ চট্টগ্রাম হাসপাতালের ম্যানেজার মো. নজরুল ইসলাম বলেন, ‘নবজাতকের মৃত্যুর ঘটনায় ১ লাখ টাকা লেনদেনের মাধ্যমে রফাদফা হয়েছে— এমন অভিযোগের বিষয়ে আমরা অবগত নই। ১ লাখ টাকা লেনদেনের বিষয়ে আমরা কিছু জানি না। যারা লেনদেন করেছে, তারা বিষয়টি ভালো বলতে পারবে। নবজাতক মারা গেছে, এটি সত্য।

তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন কার্যালয় আমাদের ডাকিয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পায়খানা করার কারণে নবজাতকটির মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবে বিষয়টি নিয়ে অনেকে তালবাহানা করছেন।

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা বলেন, সাউথ চট্টগ্রাম হাসপাতালে নবজাতকের মৃত্যুর খবর পেয়ে বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তিনি বলেন, জন্মের পর থেকেই নবজাতকটির শারীরিক অবস্থা ভালো ছিল না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এক লাখ টাকা লেনদেনের মাধ্যমে রফাদফা হয়েছে— এমন কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত