কর্ণফুলী(চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী ফুটবল আসর ‘পটিয়া খলিল মীর এবিস্ট টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন। অতিরিক্ত সাধারণ সম্পাদক এস এম রকিবুল হাসানের সঞ্চালনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন একাডেমির উপদেষ্টা ও নবগঠিত দল পরিচালনা কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সভায় আরও উপস্থিত ছিলেন ফুটবল সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, কো-চেয়ারম্যান সালা উদ্দিন আহমেদ, কো-অর্ডিনেটর কামরুদ্দিন সবুজ, সদস্য সচিব মোঃ শওকত আলী, কোচ তারেক সালাম, টিম ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, সহকারী টিম ম্যানেজার মোঃ নাঈম উদ্দিন, সদস্য সাদমান রিয়াদ, আব্দুল্লাহ আল মিজানসহ একাডেমির অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভায় টুর্নামেন্টে অংশগ্রহণ, দল গঠন, প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দলের নতুন জার্সি উন্মোচন করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল বিকাল ৩টায় পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ও চকবাজার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।
নবগঠিত দল পরিচালনা কমিটি সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং কালারপোল ক্রীড়া সংস্থাকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট