ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তায় চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তায় চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তায় চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
ad728
 খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ির দীঘিনালা জোনের মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে তিনদিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষায়িত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে মোট ৮৩ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৬২ জনের সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে এবং অন্যদের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া দূরবর্তী এলাকার রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় রিজার্ভ গাড়িতে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া, সেখানে থাকা-খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসা শেষে পুনরায় নিরাপদে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়।

ক্যাম্পেইনটি বাস্তবায়নে সহযোগিতা করে রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রাল, বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ সাউথ। এছাড়াও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা দক্ষতার সঙ্গে অপারেশন কার্যক্রম পরিচালনা করেন।

চোখের ছানি অপারেশন করিয়ে আসা আঃ রাজ্জাক বলেন, “অনেকদিন ধরে চোখে ঝাপসা দেখতাম। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। সেনাবাহিনীর এই উদ্যোগে বিনামূল্যে অপারেশন করে এখন অনেকটাই ভালো দেখতে পাচ্ছি।”

শরৎমুখী চাকমা বলেন, “আমাদের মতো পাহাড়ি এলাকার মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা পাওয়া খুবই কঠিন। বিনামূল্যে অপারেশন করে দেওয়ায় আমি খুবই কৃতজ্ঞ।”

মোঃ ইউনুচ বলেন, “চট্টগ্রামে নিয়ে গিয়ে থাকা-খাওয়া থেকে শুরু করে সবকিছুই সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। এটি আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

আয়োজকরা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের অনেক মানুষ অর্থাভাবে চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনায় এনে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে