আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি:
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী “খাল পুনঃখনন কর্মসূচি-২০২৬” এর আওতায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুরুত্বপূর্ণ তৈইমাতাই ও পিলাক খালের পুনঃখনন কাজের পরিদর্শন ও বৃক্ষরোপন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
১৬ জুন মঙ্গলবার সকালে উপজেলার বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকার তৈইমাতাই খাল এবং পরে জালিয়াপাড়াস্থ পিলাক খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,হাফছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা সহ স্হানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন বর্তমান সরকার জনবান্ধন নানা কর্মসূচী বাস্তবায়ন করছে এর মধ্যে খাল খনন কর্মসূচী অন্যতম।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় মোট ৯ দশমিক ১ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা।
এর মধ্যে ৫ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল পুনঃখননে ব্যয় হবে ১ কোটি ৮০ লাখ টাকা এবং এতে কাজ করছেন ৪১৬ জন শ্রমিক। অন্যদিকে ৪ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ তৈইমাতাই খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা, যেখানে নিয়োজিত আছে ৩৫৭ জন শ্রমিক। স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। কর্মরত প্রতিটি শ্রমিক দৈনিক ৫০০ টাকা হারে মজুরি পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট