নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম মো. হাছান ওরফে রাজু (৩০)। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজু এলাকায় ‘বিন্দু মাসীর ছেলে’ নামে পরিচিত ছিলেন। তিনি কদলপুরের একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাছির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজুর সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ জানায়, রাজু রৌফাবাদ এলাকায় তার বোনের বাসা থেকে বের হয়ে সড়কে আসামাত্র অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলায় এক শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, সন্ত্রাসীদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
দৈনিক চট্টগ্রামপোস্ট