ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সিকিউরিটি ইনচার্জের ওপর ঠিকাদারের কর্মীদের হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
চট্টগ্রামে সিকিউরিটি ইনচার্জের ওপর ঠিকাদারের কর্মীদের হামলার অভিযোগ ছবির ক্যাপশন: চট্টগ্রামে সিকিউরিটি ইনচার্জের ওপর ঠিকাদারের কর্মীদের হামলার অভিযোগ
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সে সিকিউরিটি ইনচার্জের ওপর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির লোকজনের হামলার ঘটনা ঘটেছে। এতে পর্যটন কমপ্লেক্সের সিকিউরিটি ইনচার্জ মো. আবদুল হক গুরুতর আহত হয়েছেন। 
গত রোববার (১৪ জুন) দুপুরের এই ঘটনার পর দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা বিএনপি নেতা মো. আবদুল হক পারকি পর্যটন কমপ্লেক্সে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত। অন্যদিকে, বারশত ইউনিয়নের বাসিন্দা জাবেদ হোসেন (২৪) সেখানে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রাজ কর্পোরেশন’-এর প্রতিনিধি হিসেবে কাজ করেন। গত কয়েকদিন ধরে নির্মাণ সামগ্রী রক্ষণাবেক্ষণ ও মালিকানা নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ চলছিল।

এরই জেরে রোববার দুপুরে সিকিউরিটি ইনচার্জ আবদুল হক ও ঠিকাদারের প্রতিনিধি জাবেদ হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হলে আবদুল হক গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সিকিউরিটি ইনচার্জ আবদুল হক অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ কর্পোরেশন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। আমি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। জাবেদের নেতৃত্বে মো. এমরান (২৮), নঈম (২৬) ও জেবল হোসেনসহ (৫৫) ১০-১২ জন সন্ত্রাসী পর্যটন কর্পোরেশনের মালামাল অবৈধভাবে নিয়ে যেতে চেয়েছিল। আমি বাধা দিলে তারা আমার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জাবেদ হোসেন। তিনি বলেন, আমাদের কাজের একটি ত্রিপলি খুঁজে না পাওয়ায় সিকিউরিটি ইনচার্জ হিসেবে আমি আবদুল হকের কাছে বিষয়টি জানতে চাই। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে উল্টো আমার ওপর হামলা চালান। মালামাল চুরির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পারকি পর্যটন কমপ্লেক্স এলাকাটি কর্ণফুলী থানার অধীনে। তবে বিষয়টি যেহেতু আনোয়ারা সংলগ্ন, তাই অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন