নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ ১০ জেলায় এক হাজার ১৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে আটক করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭৮ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, আগের মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৯ জন রয়েছেন। এছাড়া পরোয়ানাভুক্ত ১১৩ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় ৬৫ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ২৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১২ হাজার ৪০৫ টাকা জরিমানা আদায় এবং ২৩টি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ, ১১ বোতল বিদেশি মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ এবং ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে ৮, কুমিল্লায় ১০১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২০, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ১৪, রাঙ্গামাটিতে ৫ ও খাগড়াছড়িতে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭০ জনের মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে ৭৯, কক্সবাজারে ২১, কুমিল্লায় ১৬৫, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, চাঁদপুরে ৩২, নোয়াখালীতে ২৮, লক্ষ্মীপুরে ৫৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে ৩১ ও বান্দরবানে ১৪ জন রয়েছেন।
জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চট্টগ্রামপোস্ট