চট্টগ্রামে আল কুদস দিবস পালিত: ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলিম উম্মাহর ঐক্যের ডাক
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামে আল কুদস দিবস উপলক্ষে বিশাল সমাবেশ ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের শেষ জুমায় চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন সড়কে এই কর্মসূচির আয়োজন করে আল কুদস কমিটি চট্টগ্রাম বাংলাদেশ।
কর্মসূচিতে বক্তারা বলেন ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইমাম রুহুল্লাহ খোমেনি রমজান মাসের শেষ শুক্রবারকে আল কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ যাতে পবিত্র মসজিদুল আকসা ও ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে সেই লক্ষ্যেই এই দিবসটি পালিত হয়ে আসছে।
সমাবেশে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের উদ্ধৃতি দিয়ে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন ফিলিস্তিনের স্বাধীনতা এবং মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা অভিযোগ করেন আমেরিকা ও ইসরায়েলের সমর্থিত আগ্রাসনের প্রকৃত চিত্র অনেক দেশি বিদেশি গণমাধ্যম আড়াল করার চেষ্টা করছে। একইসঙ্গে ইরানবিরোধী ও মুসলিমবিরোধী প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন মুসলিম সমাজের ভেতর নানা বিভ্রান্তিকর বক্তব্য ও বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে যা ঐক্যের পথে বড় বাধা। সাম্প্রতিক সময়ে শহীদদের শাহাদাত গভীর শোকের সাথে স্মরণ করে তারা বলেন এই ত্যাগের ধারা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। এছাড়া আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেইর বিরুদ্ধে পরিচালিত আগ্রাসন ও হামলার তীব্র নিন্দা জানান তারা।
আজ ১৩ মার্চ শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হওয়া প্রতিবাদী মিছিলটি চেরাগী পাহাড় মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর আমির হোসেন এবং আঞ্জুমানে মুহিব্বানে এহলে বায়েতের সভাপতি ও সাধারণ সম্পাদক ম নুরুল আফসার তৈয়বি। এছাড়া হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরাজ আলী আবেদি এবং হালিশহর হুসেইন আ ট্রাস্ট ইমামবারগাহর সভাপতি মেহেদী হোসেন চৌধুরীসহ অন্যান্যরা এতে অংশ নেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট