মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্রগ্ৰাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা কালীরহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘মা কালী মিষ্টি সুইটস’ নামের একটি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন: চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। এ সময় অভিযানে সহযোগিতা করেন চন্দনাইশ থানা পুলিশের একটি টিম। দণ্ড: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে নানামুখী অনিয়ম ও অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। কাজ করার সময় কারিগরদের হাতে কোনো গ্লাভস ছিল না। ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার: মিষ্টির রঙ আকর্ষণীয় করার জন্য ব্যবহার করা হচ্ছিল মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক রঙ ও বিষাক্ত অ্যামোনিয়া। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান জানান, জব্দকৃত রাসায়নিক ও এই ধরনের ভেজাল মিষ্টি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অপরাধের সত্যতা পাওয়ায় মালিকপক্ষকে জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং ভেজাল খাদ্য রোধে চন্দনাইশ উপজেলায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট