নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জুলাই গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরের আকবরশাহ থানাধীন শ্রী শ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হৃদয় চন্দ্র তরুয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, হৃদয় চন্দ্র তরুয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সাহসী কর্মী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।
বক্তাদের দাবি, পরে তাকে ঢাকায় নেওয়া হলেও আন্দোলনে অংশগ্রহণের কারণে কয়েকটি হাসপাতালে ভর্তি করাতে জটিলতার মুখে পড়তে হয়। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে দীর্ঘ লড়াইয়ের পর ২৪ জুলাই তিনি মারা যান।
আলোচনা সভা শেষে হৃদয় চন্দ্র তরুয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উত্তম চক্রবর্তী। এতে প্রধান আহ্বায়ক ছিলেন রতন তালুকদার। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সলীল সেন, সাধন দত্ত ও বিপুল পাল। এছাড়া অর্থ সচিব কানু লাল ঘোষ ও বিশেষ অতিথি হিসেবে বাগীশিক আকবরশাহ থানা সংসদের সভাপতি আশীষ দাশ বক্তব্য রাখেন।
এসময় আশু দাশ, পংকজ দাশ, গীতা প্রশিক্ষক সাগর দাশ ও ফাল্গুনী দাশ, জয় দাশসহ শ্রী শ্রী সেবা খোলা গীতা স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট