প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শিশুদের সুরক্ষায় ব্যাপক পরিসরে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কনিকা খীসা, দীঘিনালা থানার উপ-পরিদর্শক রাজিব শেখ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পাড়াকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে প্রথম দিনে তিনটি ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় মোট ১১ হাজার ২৮৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
ক্যাম্পেইনটি সোমবার থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে। প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনার পর শেষ এক সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১১ দিনব্যাপী এই এমআর ক্যাম্পেইন পরিচালিত হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকাকেন্দ্রে এনে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট