নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ মানবিক সহায়তা তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত জনসেবার পরিচয়। কোনো অসহায় পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আলহাজ নাসির উদ্দিন ও আবদুর রহিম, পশ্চিম বাকলিয়া বিএনপির আহ্বায়ক মো. ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা খোরশেদ আলম, শেখ আলাউদ্দিন, ফরিদুর হক লিটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক চট্টগ্রামপোস্ট