চট্টগ্রাম: শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন জীবন গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ব্যবস্থাপনায় একটি ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জুলাই চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ ২ নম্বর গেইটে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদ আদিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন।
কর্মসূচিতে শিশু দন্ত চিকিৎসা বিশেষজ্ঞ ডা. জাহেদুল ইসলামসহ ডা. আদিবা তাবাসসুম, ডা. ফাবিহা, ডা. সিদরাতুল মুনতাহা ও ডা. তিশু ধরের সমন্বয়ে গঠিত অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসক দল শিক্ষার্থীদের দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীদের দাঁতের সঠিক পরিচর্যা, নিয়মিত ব্রাশ করার অভ্যাস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, অতিরিক্ত মিষ্টি ও জাঙ্ক ফুড পরিহার, নিয়মিত ডেন্টাল চেক-আপের গুরুত্ব এবং মুখের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, ফারিহা ফারনাজ, রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
দৈনিক চট্টগ্রামপোস্ট