ঢাকা | বঙ্গাব্দ

পতেঙ্গা থেকে খেজুরতলা, আড়াই কিমি সৈকত সাজবে নতুন রূপে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
পতেঙ্গা থেকে খেজুরতলা, আড়াই কিমি সৈকত সাজবে নতুন রূপে ছবির ক্যাপশন: পতেঙ্গা থেকে খেজুরতলা, আড়াই কিমি সৈকত সাজবে নতুন রূপে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

এ পরিকল্পনায় পতেঙ্গা সৈকতে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো। অন্যদিকে, খেজুরতলার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ পরিবেশ অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে।
দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কার্যক্রমে এসব পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতের প্রায় আড়াই কিলোমিটার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটিই উপভোগ করা যায়। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ এবং পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসী আয়ের পাশাপাশি পর্যটনও দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হয়ে ওঠার সম্ভাবনা রাখে। এ জন্য আন্তর্জাতিক মানের বিশেষায়িত পর্যটনকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জন ও রাজস্ব আয়ের নতুন সুযোগ তৈরি হবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন জেলা প্রশাসনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করে বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ডেঙ্গুর প্রকোপ কমাতে সহায়ক হবে। পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়নের পাশাপাশি পুরো চট্টগ্রাম জেলাকে পরিচ্ছন্নতার অনুকরণীয় মডেল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত জুলাই থেকে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে কাজ করছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় পতেঙ্গা ও খেজুরতলা সমুদ্রসৈকতকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত পুরো সৈকত আমরা উন্মুক্ত করতে চাই। এলাকাটিকে নান্দনিকভাবে সাজানো হবে। তবে খেজুরতলার প্রাকৃতিক সবুজ পরিবেশ যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখা হবে।
জেলা প্রশাসক জানান, গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে পতেঙ্গা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে।

তিনি বলেন, পতেঙ্গা ও খেজুরতলায় পর্যটনের জন্য আলাদা বৈশিষ্ট্যের পরিবেশ তৈরি করা হবে। পতেঙ্গায় আধুনিক পর্যটন অবকাঠামো নির্মাণ করা হলেও খেজুরতলায় প্রাধান্য পাবে সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য।

খেজুরতলার সম্ভাবনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আমরা এই সৈকতকে নতুনভাবে বিশ্বের কাছে পরিচিত করতে চাই। এখানকার নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে।
পর্যটনকে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় খাত উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পর্যটন থেকেও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। চট্টগ্রামের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারলে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তবে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয় বলে মন্তব্য করেন জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তা, সেবার মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অন্যান্য দেশে বিদেশি পর্যটকদের যেভাবে সেবা দেওয়া হয়, আমাদেরও সেই মানের সেবা নিশ্চিত করতে হবে।

এ জন্য প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যম ও পর্যটনসংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামকে নান্দনিকভাবে গড়ে তুলতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক। এ উদ্যোগ বাস্তবায়নে সিটি করপোরেশনের প্রশাসকের সহযোগিতা কামনা করেন তিনি।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু পতেঙ্গা ও খেজুরতলা নয়, চট্টগ্রামের অন্যান্য সম্ভাবনাময় এবং তুলনামূলকভাবে অপরিচিত পর্যটন এলাকাকেও পর্যায়ক্রমে নতুনভাবে তুলে ধরা হবে। এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশে পরিচিত করতে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চট্টগ্রামে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ৭ নভেম্বর রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় এবার এক দিন পিছিয়ে রোববার এ কার্যক্রম আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি না, চট্টগ্রামকে নান্দনিকভাবে সাজানোর কাজও করছি। আমাদের সন্তানেরা যাতে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য নির্মল আনন্দের জায়গা তৈরি করতে হবে।

মানুষ প্রকৃতিরই অংশ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের পাশাপাশি তা উপভোগের উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। সেই লক্ষ্য থেকেই খেজুরতলা সমুদ্রসৈকতকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগকে পর্যটন উন্নয়নের নতুন যাত্রা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আজকে আমাদের একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এই সমুদ্রসৈকতকে কীভাবে সুন্দরভাবে সাজানো যায়, তা নিয়েও কাজ করব। বিশ্বের পর্যটকদের এখানে আসার আহ্বান জানাব।

চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বদরবারে তুলে ধরা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস