নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাজারে আক্কাস ও দেলোয়ার হোসেনের মালিকানাধীন একটি দোকানঘরে ভাড়ায় বেকারি পরিচালনা করতেন মো. শহিদুল্লাহ। ধারণা করা হচ্ছে, বেকারির গ্যাসের চুলা বা গ্যাস সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
তবে এর আগেই অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের ব্যবসার মূলধন আগুনে পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত সরকারি সহায়তা না পেলে নতুন করে ব্যবসা শুরু করা তাদের পক্ষে কঠিন হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জ্বল মিয়া জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, বেকারির দোকানের গ্যাস সিলিন্ডার হতে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস দল ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট