মঞ্জুরুল ইসলাম লিটন রাঙামাটি (লংগদু) প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের ১ নম্বর রাঙ্গীপাড়া এলাকার ৯ নম্বর পোস্ট এলাকায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল, বসতঘর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। এ সময় জমি বিক্রেতা উপস্থিত হয়ে জমি বৈধভাবে বিক্রির দাবি করেন।
লংগদু প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোস্তফা। এ সময় তাঁর পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোস্তফা অভিযোগ করেন, সাহেদ গং দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তাঁদের বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, জমি দখল ও লুটপাটের পর উল্টো তাঁদের বিরুদ্ধেই মামলা করেছেন সাহেদ। দ্রুত সময়ের মধ্যে পৈতৃক জমি ফেরত পাওয়ার পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধার ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অন্যদিকে, সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জমি বিক্রেতা ওয়াজ উদ্দীন জানান, ২০২৫ সালে নিজের নামে রেকর্ডীয় ৯৫ শতাংশ ধানের জমি ৩ লাখ টাকায় সাহেদের কাছে বিক্রি করেছেন তিনি। তাঁর অভিযোগ, মোস্তফারা জোরজুলুম করে অন্যের জমি দখল করতে চাইছেন এবং তাঁদের কারণেই তিনি জমিটি বিক্রি করতে বাধ্য হয়েছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট