নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
নিহত শ্রমিকের নাম মাহমুদুল হক (৪০)। তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম বলেন, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
জানা যায়, মাহমুদুল হক তিন ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ ছিলেন। তিনি দুই বছর বয়সী এক কন্যাসন্তানের বাবা।
গত ১৬ জুলাই বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত অন্য শ্রমিকদের চিকিৎসা চলছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট